“যুদ্ধ নয়, শান্তি চাই” স্লোগানে রোমে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৬:০০
“যুদ্ধ নয়, শান্তি চাই”- এই প্রতিপাদ্য সামনে রেখে ইতালির রাজধানী রোমে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ ও স্থানীয় নাগরিকরা।
পহেলা মে সকাল ৯টায় রোমের Numidio Quadrato এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে Via Casilina হয়ে Piazza dei Mirti-তে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সমাবেশে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার, মানবিক মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত নয়, বরং শান্তি ও সহাবস্থানই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নেতৃত্ব দেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, যিনি ধূমকেতু সামাজিক সংগঠনের প্রধান। এ সময় সেন্তসেল্লে ঐক্য পরিষদসহ রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সমাবেশে সরকারের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে-
সব প্রবাসীর জন্য বৈধ ডকুমেন্টস প্রদান, হয়রানি ছাড়াই ডকুমেন্ট নবায়নের সুযোগ, বাসা ভাড়া নিয়ন্ত্রণে পৌরসভার কার্যকর ভূমিকা, ইতালিতে জন্মগ্রহণকারী সব শিশুকে নাগরিকত্ব প্রদান, সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা এবং গৃহিণীদের কাজকে রাষ্ট্রীয় বিমার আওতায় অন্তর্ভুক্ত করা।
বক্তারা বলেন “আমরা এখানে শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে এসেছি। শান্তি, অধিকার ও সম্মান; এই তিনটি বিষয় নিশ্চিত করতে হবে।”
বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে রোমের এই শ্রমিক দিবসের সমাবেশ এক বহুজাতিক ঐক্যের বার্তা দিয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই”- এই আহ্বানই ছিল এবারের মে দিবসের মূল প্রতিধ্বনি।
logo-1-1740906910.png)
