যুক্তরাজ্যে ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২২
যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা বা চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
২১ এপ্রিল হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ‘মাইগ্রেশন অ্যালার্ট’-এ বলা হয়, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবি ও বিভ্রান্তিকর প্রচারণা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতারকচক্র নিশ্চিত ভিসা বা চাকরির নিশ্চয়তা দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এ ধরনের প্রলোভনে সাড়া না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় আরো বলা হয়, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত কোনো প্রতারণা নিয়ে সন্দেহ হলে পরিচয় গোপন রেখে অভিযোগ পাঠানো যাবে BangladeshVisaFraud@fcdo.gov.uk ঠিকানায়। পাশাপাশি ভিসা আবেদন সংক্রান্ত সঠিক তথ্য জানতে সব সময় সরকারি ওয়েবসাইট GOV.UK থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ব্রিটিশ হাইকমিশন সতর্ক করে জানিয়েছিল, কেউ যদি ভিসা জালিয়াতি বা অবৈধ উপায়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এদিকে, গত ৮ এপ্রিল কানাডা, জার্মানি, যুক্তরাজ্যসহ ১৩টি পশ্চিমা দেশের কূটনৈতিক মিশন যৌথভাবে ভিসা প্রতারণা বিষয়ে একটি সতর্কবার্তা জারি করে। সেখানে ভিসা আবেদন প্রক্রিয়া ও কাগজপত্রের সত্যতা যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে চাকরি বা নিশ্চিত ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনেক ক্ষেত্রে মানব পাচার চক্র উন্নত দেশে পাঠানোর কথা বলে তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। আবার ইউরোপ নেওয়ার প্রলোভনে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনাও ঘটছে।
logo-1-1740906910.png)