যুক্তরাজ্যে মাইগ্র্যান্টদের ভাষা পরীক্ষা নিতে পারে ডুওলিঙ্গো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:০৫
যুক্তরাজ্যের হোম অফিসে অভিবাসী শ্রমিক ও শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা পরীক্ষার দায়িত্ব নিতে দৌড়ে নাম লিখিয়েছে মার্কিন ভাষা শেখার অ্যাপ ডুওলিঙ্গো। পাঁচ বছরের জন্য ৮১৬ মিলিয়ন পাউন্ডের এই চুক্তি পেতে প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বিতা করছে।
বর্তমানে বিদেশি ভিসা আবেদনকারীদের প্রশিক্ষিত পরীক্ষক দ্বারা সরাসরি পরীক্ষা দিতে হয়। তবে নতুন পরিকল্পনায় পুরো প্রক্রিয়াটি অনলাইনে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ অভিবাসীদের জন্য ইংরেজি দক্ষতার মান আরো কঠোর করার কথা বলেছেন।
ডুওলিঙ্গো ২০১৪ সাল থেকে অনলাইন ইংরেজি পরীক্ষা চালু করেছে। মহামারির সময় পরীক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেলে তাদের টাইমড টেস্ট জনপ্রিয়তা পায়। যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় ডুওলিঙ্গোর টেস্ট ব্যবহার করছে। তবে হোম অফিসের মূল অভিবাসন মূল্যায়ন হিসেবে এটি এখনো অনুমোদিত নয়।
এই পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আইইএলটিএস (IELTS) কনসোর্টিয়াম, যারা যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ পরীক্ষা পরিচালনা করে, জানিয়েছে অনলাইন টেস্টে নিরাপত্তা দুর্বল হবে এবং প্রতারণার সুযোগ বাড়বে। তারা গত মাসে নতুন চুক্তির বিড থেকে সরে দাঁড়িয়েছে।
আইইএলটিএস বোর্ড বলেছে, “সম্পূর্ণ রিমোট টেস্টিং উচ্চ ঝুঁকির পরিবেশে নিরাপত্তা মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করে।” তাদের আশঙ্কা, আবেদনকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারণা করতে পারে বা অন্য কেউ প্রার্থী সেজে পরীক্ষা দিতে পারে।
ডুওলিঙ্গো জানিয়েছে, তারা পরীক্ষায় পরিচয় যাচাই, চোখের নড়াচড়া পর্যবেক্ষণসহ নানা প্রযুক্তি ব্যবহার করছে যাতে প্রতারণা ঠেকানো যায়। তবে সমালোচকরা বলছেন, অনলাইন টেস্টে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
ডুওলিঙ্গোর জন্য এই চুক্তি বড় সুযোগ হতে পারে। গত এক বছরে কোম্পানির শেয়ারমূল্য ৭০ শতাংশ কমে গেছে। নতুন এআইভিত্তিক ভাষা অ্যাপ ও অনুবাদ সেবার কারণে তাদের ব্যবহারকারীর সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবুও প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ৫০ মিলিয়ন মানুষ ডুওলিঙ্গো ব্যবহার করছে।
হোম অফিস জানিয়েছে, চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং নভেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডুওলিঙ্গো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
logo-1-1740906910.png)