ইউরোপ অভিবাসনের খবর ২১ এপ্রিল ২০২৬
সাইপ্রাসে আছে দক্ষ লোকের চাহিদা, ফেরত পাঠাচ্ছে অবৈধ অভিবাসীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৫:৩৮
ছবি - এআই দিয়ে বানানো
অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইউরোপের দেশ সাইপ্রাস। জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্টস বাংলার খবরে বলা হয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের তালিকায় শীর্ষ রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অভিবাসীরা।
২০২৫ সালে সাইপ্রাস থেকে মোট ১১ হাজার ৬১০ জন তৃতীয় দেশের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে৷ পুনর্বাসনসহ মোট প্রস্থান সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৯ জন, যা সাইপ্রাসের ইতিহাসে সর্বোচ্চ৷ এর মধ্যে ৭০ শতাংশই স্বেচ্ছায় ফেরত কর্মসূচির মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন৷ ২০২৬ সালের প্রথম তিন মাসেই দুই হাজারেরও বেশি ফেরত সম্পন্ন হয়েছে৷
সাইপ্রাস সরকার দেশটিতে এমন একটি আইনি সংশোধনী পাস করেছে, যার মাধ্যমে জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে বিদেশিদের সম্পূরক সুরক্ষা মর্যাদা বাতিল করা সম্ভব৷ দেশটিতে সমুদ্রসীমা ও গ্রিন লাইনেও নজরদারি বাড়ানো হয়েছে। সরকার স্পষ্ট করেছে, যাদের থাকার অধিকার নেই, তাদের দ্রুত ও আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে৷
তবে ভালো খবর হলো, সাইপ্রাসে বিভিন্ন খাতে শ্রমিক ও দক্ষ জনবলের চাহিদা রয়েছে৷ এ জন্য সরকার বৈধ অভিবাসনকে আরো সংগঠিত করতে চায়৷ শ্রম মন্ত্রণালয় এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বয় করে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অভিবাসন নীতি নির্ধারণ করা হচ্ছে৷
ইউরোপীয় ব্লু কার্ড, ডিজিটাল নোম্যাড এবং অন্যান্য কর্মসূচির পাশাপাশি ইউরোপীয় ট্যালেন্টপুল নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যা ২০২৭ সালে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে৷ এই প্ল্যাটফর্ম ইউরোপীয় নিয়োগকর্তাদের সঙ্গে তৃতীয় দেশের দক্ষ কর্মীদের সংযুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)