ফ্রেঞ্চ ভাষা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষা। এটি শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের আরো কয়েকটি দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ফলে যারা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ, তারা চাকরি, পড়াশোনা ও অভিবাসনের ক্ষেত্রে বাড়তি সুবিধা পান।
ফ্রান্সে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষা জানা প্রায় অপরিহার্য। বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার পাশাপাশি চাকরির বাজারেও ফ্রেঞ্চ ভাষা দক্ষতা বড় ভূমিকা রাখে। একইভাবে বেলজিয়ামে ফ্রেঞ্চ অন্যতম সরকারি ভাষা। দেশটির ব্রাসেলস শহর ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক কেন্দ্র হওয়ায় ফ্রেঞ্চ ভাষা জানা চাকরির সুযোগ বাড়ায়।
সুইজারল্যান্ডে চারটি সরকারি ভাষার একটি হলো ফ্রেঞ্চ। দেশটির পশ্চিমাঞ্চলে ফ্রেঞ্চ ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে সেখানে চাকরি বা পড়াশোনার জন্য ফ্রেঞ্চ জানা গুরুত্বপূর্ণ। লুক্সেমবার্গেও ফ্রেঞ্চ সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। দেশটির প্রশাসন ও শিক্ষা ব্যবস্থায় ফ্রেঞ্চ ভাষার প্রভাব রয়েছে।
এছাড়া কানাডার কুইবেক প্রদেশে ফ্রেঞ্চ প্রধান ভাষা। যারা ফ্রেঞ্চ জানেন, তারা কানাডায় অভিবাসন ও চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পান। ইউরোপ ছাড়াও আফ্রিকার অনেক দেশ যেমন সেনেগাল, কঙ্গো, মরক্কো ও আলজেরিয়ায় ফ্রেঞ্চ ভাষা সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ফলে ফ্রেঞ্চ জানা থাকলে এসব দেশেও কাজের সুযোগ তৈরি হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ফ্রেঞ্চ ভাষা শেখা শুধু চাকরি নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও দরজা খুলে দেয়। ফ্রান্স, কানাডা ও সুইজারল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ফ্রেঞ্চ জানা থাকলে ভর্তি ও পড়াশোনার সুযোগ সহজ হয়। এছাড়া আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নে ফ্রেঞ্চ অন্যতম কার্যকরী ভাষা।
logo-1-1740906910.png)