ব্রিটিশ নাগরিকদের মধ্যে পর্তুগালে বসবাসের আগ্রহ দ্রুত বাড়ছে। নতুন রিপোর্টে দেখা গেছে, অবসরপ্রাপ্তদের পাশাপাশি তরুণ ও মধ্যবয়সী পেশাজীবীরাও এখন জীবনমান, কর্মসংস্থান ও পরিবারকেন্দ্রিক সুযোগের কারণে পর্তুগালকে বেছে নিচ্ছেন।
আইএফএ ম্যাগাজিন জানিয়েছে, পর্তুগিজ চেম্বার অব কমার্স ইন দ্য ইউকে সম্প্রতি Migration to Portugal Report 2026 প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ব্রিটিশদের মধ্যে পর্তুগালে বসবাসের প্রবণতা বহুমুখী হয়ে উঠছে। ২০২৫ সালে পর্তুগালে বৈধভাবে বসবাসরত যুক্তরাজ্যের নাগরিকের সংখ্যা ছিল ৪৮ হাজার ২৩৮ জন।
আগে ব্রিটিশরা মূলত অবসর জীবনের জন্য পর্তুগালকে বেছে নিতেন। কিন্তু এখন ২০-৩৯ বছর বয়সী ১১.৭% এবং ৪০-৬০ বছর বয়সী ৪৬.৩% মানুষ জীবনমান ও কর্মজীবনের ভারসাম্যের কারণে পর্তুগালে যেতে আগ্রহী। আধুনিক স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক স্কুল, নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা এবং প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সুযোগ বাড়ায় পর্তুগাল তরুণ ও পরিবারকেন্দ্রিক অভিবাসীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
রিপোর্টে দেখা গেছে, ব্রিটিশদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অঞ্চল হলো আলগার্ভ, যেখানে ৫৫.২% মানুষ বসবাসে আগ্রহী। বিশেষ করে ৪০-৬০ বছর বয়সীদের মধ্যে এ অঞ্চলের প্রতি আগ্রহ বেশি। আলগার্ভের সমুদ্রতট, বহুমুখী সেবা খাত ও রিমোট ওয়ার্কের সুযোগ এ অঞ্চলের আকর্ষণ বাড়িয়েছে।
- লিসবন: ৪৭.৫% মানুষ আগ্রহী, কারণ এখানে জীবনমানের পাশাপাশি ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
- পোর্তো ও উত্তর পর্তুগাল: ৩০.২% আগ্রহী।
- সেন্ট্রাল পর্তুগাল: ২৩.১%।
- আলেন্তেজো: ১২.৭%।
- মাদেইরা: ১১.১%।
- আজোরেস: ৫.২%।
ব্রিটিশদের মধ্যে পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রামও জনপ্রিয় হয়ে উঠছে। আগে এটি মূলত রিয়েল এস্টেট বিনিয়োগের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন ৯৫% বিনিয়োগ ফান্ডে হচ্ছে। ব্রেক্সিটের পর ইউরোপে পুনরায় অবস্থান তৈরি ও বিনিয়োগ বৈচিত্র্য আনতে ব্রিটিশরা এই ভিসাকে কৌশলগতভাবে ব্যবহার করছেন।
রিপোর্টে বলা হয়েছে, যারা পর্তুগালে যেতে চান তাদের মধ্যে ৬১.৪% রেসিডেন্সি ভিসা, ৪৪.৮% কর সংক্রান্ত বিষয়, ৪০.৭% বাড়ির দাম, ৩৯.৫% সম্পত্তি কেনা এবং ৩৭% আইনি বিষয় নিয়ে আগ্রহী। এছাড়া ব্যবসা শুরু বা বিনিয়োগের সুযোগ নিয়েও অনেকেই ভাবছেন।
logo-1-1740906910.png)