ইরাসমাস মুন্ডুসের আওতায় চালু হওয়া নতুন CLIDE স্কলারশিপ ২০২৬ এখন আবেদন গ্রহণ করছে। এটি একটি দুই বছরের যৌথ মাস্টার্স প্রোগ্রাম, যেখানে শিক্ষার্থীরা পোল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া ও মরক্কোতে পড়াশোনার সুযোগ পাবেন এবং সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পড়াশোনা ও জীবনযাপনের খরচ বহন করা হবে।
DAAD স্কলারশিপ ওয়েবসাইট জানিয়েছে, CLIDE Erasmus Mundus Scholarship ২০২৬ হলো Intercultural Leadership in the Digital Era বিষয়ে একটি আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রাম। এটি ১২০ ECTS ক্রেডিটের দুই বছরের কোর্স, যেখানে শিক্ষার্থীদের অন্তত দুটি দেশে পড়াশোনা করতে হবে। অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—
- Nicolaus Copernicus University, Poland (সমন্বয়কারী প্রতিষ্ঠান)
- University of Granada, Spain
- University of Applied Sciences Upper Austria, Austria
- University Hassan II, Morocco
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা পাবেন, যা দুই বছরে মোট ৩৩ হাজার ৬০০ ইউরো। টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে এবং স্বাস্থ্যবীমা অন্তর্ভুক্ত থাকবে। চারটি ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থীকে এই সুযোগ দেওয়া হবে। প্রতিটি দেশে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থী নির্বাচিত হবেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ লাখ ২০ হাজার ইউরো সহায়তা তহবিল রাখা হয়েছে।
আবেদনকারীদের যে কোনো দেশের নাগরিক হতে হবে এবং অর্থনীতি, ফাইন্যান্স, আইটি, কমিউনিকেশন বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় B2 স্তরের দক্ষতা আবশ্যক। আবেদনকারীরা আগে Erasmus Mundus Joint Masters স্কলারশিপ না পেলে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে-
- মোটিভেশন লেটার
- Europass ফরম্যাটে সিভি
- একাডেমিক ও পেশাগত সুপারিশপত্র
- অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
- ভিডিও বিজনেস কার্ড (নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার সংক্ষিপ্ত ভিডিও)
CLIDE প্রোগ্রামের অন্যতম শক্তি হলো এর বহুজাতিক কাঠামো। শিক্ষার্থীরা বিভিন্ন দেশে পড়াশোনা করে আন্তঃসাংস্কৃতিক নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। ছোট ব্যাচে (২০-৩০ জন) পড়াশোনা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা তৈরি হবে। চতুর্থ সেমিস্টারে ইন্টার্নশিপ ও থিসিসের সুযোগ থাকবে।
প্রোগ্রামটি নতুন হওয়ায় এর ব্র্যান্ড স্বীকৃতি এখনো প্রতিষ্ঠিত হয়নি। পুরনো Erasmus Mundus প্রোগ্রামের মতো বড় অ্যালামনাই নেটওয়ার্ক নেই। তবে Erasmus Mundus সার্টিফিকেট নিজেই ইউরোপ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অত্যন্ত মূল্যবান।
CLIDE Erasmus Mundus Scholarship ২০২৬-এর আবেদন ১৫ এপ্রিল ২০২৬, বিকেল ৩টা (CET) পর্যন্ত গ্রহণ করা হবে। ফলাফল এপ্রিলের শেষের দিকে প্রকাশিত হবে এবং কোর্স শুরু হবে সেপ্টেম্বর ২০২৬-এ।
logo-1-1740906910.png)