Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিসে বৈধ ভিসায় অবৈধ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:২৩

গ্রিসে বৈধ ভিসায় অবৈধ বাংলাদেশি

বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে গিয়েও নির্ধারিত কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক বাংলাদেশি। প্রতিশ্রুত নিয়োগকর্তা না থাকায় এবং ভিসার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় অনেকেই ইতোমধ্যে অবৈধ হয়ে পড়ছেন। অসাধু মালিক ও দালালদের প্রতারণায় বিপাকে পড়ে দূতাবাসের দ্বারস্থ হয়েছেন তারা।  

ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশে থাকা দালালরা গ্রিসে নির্দিষ্ট কোম্পানিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু গ্রিসে পৌঁছানোর পর দেখা যায়, প্রতিশ্রুত নিয়োগকর্তার কোনো অস্তিত্বই নেই। জানা গেছে, দালালরা স্থানীয় কৃষিজমির মালিকদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ ইউরোর বিনিময়ে কাগুজে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে দিল্লিতে গ্রিস দূতাবাসে ভিসার আবেদন করেন। ভিসা অনুমোদনের পর প্রবাসীরা গ্রিসে গিয়ে চাকরির কোনো অস্তিত্ব খুঁজে পান না। ফলে নির্ধারিত সময় শেষে তারা অবৈধ হয়ে পড়েন।

নারায়ণগঞ্জের আসিফ মিয়া জানান, দালালের মাধ্যমে প্রায় ১৩ লাখ টাকা দিয়ে গ্রিসে আসেন। বলা হয়েছিল কৃষি খামারে কাজ পাবেন। কিন্তু এসে দেখেন মালিকের কোনো খোঁজ নেই। ইব্রাহিম হোসেন বলেন, মাসে ১২০০ ইউরো বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু যে কোম্পানির নামে ভিসা হয়েছে, তার কোনো অফিসই নেই। নাসিম হোসেন জানান, ১১ মাস ধরে গ্রিসে আছেন, কিন্তু মালিক পারমিট নবায়ন না করায় শিগগিরই অবৈধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।  

এ বিষয়ে এথেন্সে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানা বলেন, বৈধ ভিসায় এসে যারা প্রতিশ্রুত নিয়োগকর্তাকে পাচ্ছেন না, তারা ইতোমধ্যে দূতাবাসে যোগাযোগ করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

Logo