Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মরদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩

ইতালির উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মরদেহ

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে গত কয়েক দিনে অন্তত ১৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ১৭ ফেব্রুয়ারি সিসিলি ও কালাব্রিয়ার সমুদ্রসৈকত থেকে এসব মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন।  

সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটকে সবচেয়ে বিপজ্জনক পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে লিবিয়া ও তিউনিশিয়ার উপকূল থেকে অনেক অভিবাসী পাচারকারীদের প্রলোভনে পড়ে অনুপযোগী নৌকায় যাত্রা করেন। শীতকালীন ঝড়ের সময় এসব নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।  

কোস্ট গার্ড, মাছধরার ট্রলারসহ বেসামরিক জাহাজগুলোও সমুদ্র থেকে মৃতদেহ উদ্ধার করেছে। কালাব্রিয়ার ত্রোপিয়া শহরের কাছে কয়েকজন শিক্ষার্থী একটি মরদেহ দেখতে পান। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তার পরনে ছিল কমলা রঙের লাইফ জ্যাকেট। একই এলাকায় একজন নারীর মরদেহও পাওয়া গেছে। প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।  

ইতালির ছোট দ্বীপ পান্তেলেরিয়া থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু বা অপ্রাপ্তবয়স্ক রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ না থাকায় অনেকেই প্রাণঘাতী যাত্রায় ঝুঁকি নিচ্ছেন।  

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশঙ্কা করছে, চলতি বছরের শুরুতেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কয়েকশ মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। জানুয়ারিতে অন্তত তিনটি নৌকা দুর্ঘটনায় ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে অন্তত ১ হাজার ৩৪০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ রুটে ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Logo