Logo
×

Follow Us

ইউরোপ

ডেনমার্কে অভিবাসীদের জন্য কঠোর নতুন নীতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩২

ডেনমার্কে অভিবাসীদের জন্য কঠোর নতুন নীতি

ইউরোপের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে বসবাসরত কোনো বিদেশি নাগরিক গুরুতর অপরাধে জড়িত হয়ে এক বছর বা তার বেশি সময়ের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে বাধ্যতামূলকভাবে বহিষ্কার করা হবে।  

৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, অপরাধীদের সুরক্ষা নয়, বরং ডেনিশ নাগরিকদের নিরাপত্তাই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি স্পষ্ট ভাষায় জানান, ধর্ষণ, যৌন নিপীড়ন বা গুরুতর মারধরের মতো অপরাধে জড়িত বিদেশিদের আর কোনো ছাড় দেওয়া হবে না।  

ডেনমার্কের অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এতদিন পারিবারিক অধিকার ও আন্তর্জাতিক কনভেনশনের কারণে অনেক অপরাধীকে বহিষ্কার করা সম্ভব হয়নি। তবে এবার ডেনমার্ক ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে ইউরোপীয় মানবাধিকার কনভেনশন সংস্কারের দাবি তুলেছে।  

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে এক বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের প্রায় ৭০ শতাংশকে বহিষ্কার করা সম্ভব হয়। নতুন আইনি সংস্কারের মাধ্যমে এই হার শতভাগে উন্নীত করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। শুধু বহিষ্কারই নয়, যারা বর্তমানে ডিপার্চার সেন্টারে অবস্থান করছেন, তাদের ওপর নজরদারি বাড়াতে ইলেকট্রনিক অ্যাঙ্কেল ট্যাগ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।  

এছাড়া ডেনমার্ক সিরিয়ায় তাদের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সঙ্গে সীমিত পর্যায়ে সহযোগিতা প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে, যাতে শরণার্থীদের ফেরত পাঠানো সহজ হয়।  

মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা হিসেবে দেখছে। তবে ডেনিশ সরকার তাদের অবস্থানে অনড়। সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে, শরণার্থীরা ডেনমার্কে কেবল সাময়িক আশ্রয় পাবেন এবং স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার জন্য আর্থিক প্রণোদনা দেওয়া হবে।  

আগামী ১ মে থেকে নতুন নীতিগুলো কার্যকর হবে। ইউরোপের অন্যান্য দেশেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডেনমার্কের এই কঠোর অবস্থান অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ হলেও দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।

Logo