Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্য-ফ্রান্স অভিবাসী বিনিময় চুক্তি নিয়ে বিতর্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩১

যুক্তরাজ্য-ফ্রান্স অভিবাসী বিনিময় চুক্তি নিয়ে বিতর্ক

ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের ফেরত পাঠানো ও গ্রহণের বিষয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে চালু হওয়া ‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই চুক্তির আওতায় এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে ২৮১ জন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে ফ্রান্স থেকে যাচাই-বাছাই শেষে ৩৫০ জন অভিবাসীকে যুক্তরাজ্যে আনা হয়েছে।  

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সংখ্যার এই পার্থক্যের জন্য ফরাসি কর্তৃপক্ষের আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী। হোম অফিস জানিয়েছে, এই জটিলতার কারণে সম্প্রতি একটি ডিপোর্টেশন ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে ভবিষ্যতে সংখ্যার ভারসাম্য রক্ষা করা হবে বলে আশ্বস্ত করেছে তারা।  

চুক্তি অনুযায়ী, ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের আটক করে দুই সপ্তাহের মধ্যে ফ্রান্সে ফেরত পাঠানো হবে। বিপরীতে সমান সংখ্যক অভিবাসীকে ফ্রান্স থেকে নিয়মিত প্রক্রিয়ায় যুক্তরাজ্যে পাঠানো হবে। গত বছরের সেপ্টেম্বর থেকে এই পাইলট প্রকল্প চালু হয়েছে। শুরুতে বিনিময়ের সংখ্যা ছিল খুবই কম, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ফ্রান্স মাত্র ২৬ জনকে ফিরিয়ে নিয়েছিল এবং যুক্তরাজ্য বিনিময়ে ১৮ জনকে গ্রহণ করেছিল।  

শাবানা মাহমুদ জানিয়েছেন, শুরুতে অভিবাসীরা চুক্তি সম্পর্কে সঠিকভাবে জানতেন না। ফলে ফ্রান্স থেকে নিয়মিত পথে যুক্তরাজ্যে পাঠানোর জন্য যোগ্য ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলেছে এবং সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।  

তবে পরিসংখ্যান বলছে, চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা এখনো উদ্বেগজনক। ২০২৫ সালে ছোট নৌকায় করে ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় অন্তত পাঁচ হাজার বেশি। যদিও ২০২২ সালে রেকর্ড সংখ্যক ৪৬ হাজার অভিবাসী চ্যানেল পেরিয়ে এসেছিলেন।  

চুক্তি নিয়ে আশাবাদী হলেও বাস্তব সমস্যার কথা স্বীকার করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আটক অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো এখনো চ্যালেঞ্জ হয়ে আছে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় জানিয়েছে, সংখ্যার ওঠানামা স্বাভাবিক এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

Logo