Logo
×

Follow Us

ইউরোপ

বেলজিয়ামে কমছে শরণার্থীদের সুরক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৯

বেলজিয়ামে কমছে শরণার্থীদের সুরক্ষা

২০২৫ সালে বেলজিয়ামে আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মাত্র ২৮.৪ শতাংশ আশ্রয়প্রার্থী সুরক্ষা পেয়েছেন। আগের বছর ২০২৪ সালে এই হার ছিল ৪৭.৮ শতাংশ।  

ক্ষমতায় আসার পরই আশ্রয় ও অভিবাসনবিষয়ক মন্ত্রী অ্যানেলিন ভ্যান বসইত ঘোষণা করেছিলেন, বেলজিয়ামে “এ যাবৎকালের সবচেয়ে কঠোর অভিবাসন নীতি” চালু হবে। সর্বশেষ পরিসংখ্যান দেখে অভিবাসন সংশ্লিষ্টরা মনে করছেন, তিনি সেই লক্ষ্য বাস্তবায়নের দিকেই এগোচ্ছেন।  

শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য নিবেদিত কমিশনারেট জেনারেল (সিজিআরএ) জানায়, ২০২৫ সালে প্রায় ৯ হাজার মানুষ আন্তর্জাতিক সুরক্ষা পেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন এসেছে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরিত্রিয়া, তুরস্ক ও সোমালিয়া থেকে। তবে সিরীয় নাগরিকদের আবেদন স্থগিত রাখার কারণে ইতিবাচক সিদ্ধান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২৪ সালে যেখানে সিরিয়ার দুই হাজারের বেশি নাগরিক সুরক্ষা পেয়েছিলেন, ২০২৫ সালে সেই সংখ্যা অনেক কমে যায়।  

আরেকটি বড় কারণ হলো, ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশে আগে শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিদের আবেদন। এসব আবেদনকে অগ্রাধিকার দিয়ে পর্যালোচনা করে বড় একটি অংশ বাতিল করা হয়েছে। সিজিআরএ প্রধান কমিশনার সোফি ভ্যান বালবার্গ জানিয়েছেন, বিপুল সংখ্যক আবেদন অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে।  

গ্রিসে কঠোর অভিবাসন নীতির কারণে অনেক স্বীকৃত শরণার্থী অন্য ইইউ দেশে যাওয়ার চেষ্টা করছেন। ২০২৫ সালে বেলজিয়ামে নতুন করে আশ্রয় আবেদন করেছেন প্রায় আড়াই হাজার মানুষ। এদের মধ্যে ৮৭ শতাংশ আগেই গ্রিসে আবেদন করেছিলেন। ফলে নাকচ হওয়া সিদ্ধান্তের সংখ্যা বেড়েছে।  

এছাড়া অপরাধে দণ্ডিত শরণার্থীদের বিষয়ে বেলজিয়াম আরো কঠোর হয়েছে। ২০২৫ সালে ২৬৪ জনের সুরক্ষা প্রত্যাহার করা হয়েছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল মাত্র ৭৬। সিজিআরএ জানিয়েছে, গুরুতর অপরাধে দণ্ডিত শরণার্থীদের ফাইল প্রক্রিয়াকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Logo