যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫৪
যুক্তরাজ্যে লরির ভেতর লুকিয়ে ২৩ জন বাংলাদেশিকে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রকাশিত সংবাদে জানা যায়, ডোভার ফেরি বন্দরের কাছে পৌঁছানোর সময় লরিটি আটক করে এনসিএ। অভিযানে লরির ভেতর থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয়। এনসিএ জানায়, উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে ২২ জন যুক্তরাজ্যে বৈধভাবে অবস্থান করছিলেন। তাদের মুক্তি দেওয়া হয়েছে। একজনকে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।
অভিযানে সংগঠিত অপরাধচক্রের মূলহোতা হিসেবে সন্দেহভাজন ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে লন্ডনের নিউ ক্রসে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩০ হাজার পাউন্ডও জব্দ করা হয়েছে। আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা লন্ডন থেকে ট্যাক্সি চালিয়ে অভিবাসীদের কেন্টের হুইটস্টেবলের কাছে নিয়ে গিয়েছিলেন। লরিচালক হিসেবে গ্রেপ্তার হয়েছেন ৩২ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিক।
এনসিএ জানিয়েছে, এই চক্র মূলত পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের লরির মাধ্যমে যুক্তরাজ্য থেকে পাচারের চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সীমান্ত নিয়ন্ত্রণ এড়িয়ে ফ্রান্সে প্রবেশ করানো। এনসিএর ব্রাঞ্চ কমান্ডার সাজু সাসিকুমার বলেন, “মানব পাচারকারী সংগঠিত অপরাধচক্র শুধু পাচারকৃতদের জীবনকে ঝুঁকিতে ফেলে না, বরং যুক্তরাজ্য ও ফ্রান্সের সীমান্ত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।” তিনি আরো জানান, বর্তমানে এনসিএর হাতে এ ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে প্রায় ১০০টি তদন্ত চলছে।
গত বছর এনসিএ সতর্ক করেছিল, পাচারকারীরা লরিচালকদের টার্গেট করছে। তাদের হাজার হাজার পাউন্ড প্রলোভন দিয়ে সীমান্ত পারাপারে অভিবাসীদের বহন করতে রাজি করানো হচ্ছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে কেন্টে ৯ জন লরিচালককে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
এ ঘটনায় যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্তে নজরদারি আরো জোরদার করা হবে।
logo-1-1740906910.png)