Logo
×

Follow Us

ইউরোপ

স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী পেলেন বৈধতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৮

স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী পেলেন বৈধতা

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ যখন সীমান্ত কঠোর করছে, দেয়াল তুলছে, তখন স্পেন ভিন্ন পথে হাঁটছে। ২৬ জানুয়ারি দেশটির সরকার পদেমোস দলের সঙ্গে এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঘোষণা দেওয়া হয়েছে।  

ইউরোপের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বিশেষ নির্বাহী আদেশ বা ‘রাজকীয় ডিক্রি’ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মন্ত্রিসভার অনুমোদনের পরপরই এটি কার্যকর হবে, কোনো দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই। ইউরোপে একক কোনো দেশে এত বড় পরিসরে অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘটনা বিরল।  

একবিংশ শতাব্দীতে ইউরোপের আর কোনো দেশ এত বড় আকারে অভিবাসীদের বৈধতার সুযোগ দেয়নি। ইতালি বা গ্রিস সীমিত খাতে নিয়মিতকরণ করলেও স্পেনের এই পদক্ষেপ গৃহস্থালি কাজ থেকে শুরু করে হাই-টেক স্টার্টআপ পর্যন্ত সব খাতের জন্য উন্মুক্ত। এমনকি ২০০৫ সালের বহুল আলোচিত ‘সাপাতেরো নিয়মিতকরণ’ কর্মসূচিকেও এটি ছাড়িয়ে গেছে।  

বার্সেলোনা, মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মতো শহরে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি পরিবারের জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তি নিয়ে এসেছে। বর্তমানে স্পেনে প্রায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন বলে ধারণা করা হয়। তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র না থাকায় কঠিন জীবন কাটাচ্ছিলেন। বিশেষজ্ঞদের মতে, নতুন আইনের ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। তারা এখন বৈধ শ্রম চুক্তি করতে পারবেন, সরকারি স্বাস্থ্যসেবা পাবেন এবং নির্বিঘ্নে দেশে যাতায়াত করতে পারবেন।  

স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক প্রয়োজন। দেশটির কল্যাণ রাষ্ট্র টিকিয়ে রাখতে বিপুল সংখ্যক শ্রমিক দরকার। ৫ লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় ২ বিলিয়ন ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে বলে আশা করা হচ্ছে।  

এই উদ্যোগ বিশেষভাবে নির্মাণ শিল্প, বয়স্কদের যত্ন ও সেবা খাতের শ্রম সংকট কমাতে সহায়ক হবে। দক্ষিণ এশীয় অভিবাসীরা আগে থেকেই এসব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।  

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও পদেমোস দলের এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন। সংসদীয় ভোট এড়িয়ে নেওয়ায় বিরোধীদের বাধা দেওয়ার সুযোগ কমে গেছে। ফলে অনিশ্চয়তায় থাকা ৫ লাখ মানুষের জন্য বৈধতার পথ প্রায় সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে।

Logo