ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবন্দর হিথ্রোতে নিরাপত্তা পরীক্ষায় তরল পদার্থের জন্য বহুল আলোচিত ১০০ মিলিলিটারের সীমা তুলে নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের উচ্চপ্রযুক্তির সিটি স্ক্যানার চালু হওয়ার ফলে যাত্রীরা এখন ব্যাগের ভেতর দুই লিটার পর্যন্ত তরল বহন করতে পারবেন। এর আগে দুবাই বিমানবন্দরেও একই নিয়ম চালু হয়েছিল।
নতুন প্রযুক্তির কারণে যাত্রীদের আর ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আলাদা করে বের করতে হবে না। তরল বহনের জন্য স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে। হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সব টার্মিনালে নতুন স্ক্যানার সম্পূর্ণভাবে চালু করা বিশ্বের প্রথম বৃহৎ বিমানবন্দর এখন হিথ্রো।
তবে যুক্তরাজ্যে হিথ্রো প্রথম নয়। এর আগে গ্যাটউইক, এডিনবরো ও বার্মিংহাম বিমানবন্দরে এই স্ক্যানার বসানো হয়েছিল এবং সেখানে তরলের সীমা দুই লিটারে উন্নীত করা হয়। ব্রিস্টল ও বেলফাস্ট বিমানবন্দরেও একই নিয়ম কার্যকর হয়েছে। যদিও কিছু বিমানবন্দর এখনো পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, ফলে সেখানে পুরনো ১০০ মিলিলিটারের নিয়ম বহাল আছে।
ভোক্তা সংগঠন ‘হুইচ’ জানিয়েছে, নতুন স্ক্যানারের অতিসংবেদনশীলতার কারণে কিছু বিমানবন্দরে স্ক্যানের পর হাতে ব্যাগ তল্লাশির সংখ্যা বেড়েছে। তবে হিথ্রো কর্তৃপক্ষ বলছে, নতুন স্ক্যানারগুলো কেবিন ব্যাগের আরো স্পষ্ট ছবি দেয় এবং উচ্চ নিরাপত্তা মান বজায় রেখে প্রতি ঘণ্টায় হাজারো যাত্রীকে দক্ষতার সঙ্গে সেবা দিতে সক্ষম।
এই নিয়ম পরিবর্তন শুধু হিথ্রো থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তরাজ্যে ফেরার সময় যাত্রীরা যেসব বিমানবন্দর ব্যবহার করবেন, সেখানকার লাগেজ-সংক্রান্ত বিধিনিষেধ আগে যাচাই করে নিতে হবে।
হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই বলেন, এক বিলিয়ন পাউন্ডের উন্নয়ন প্রকল্পের ফলে যাত্রীরা নিরাপত্তা প্রস্তুতিতে কম সময় ব্যয় করে ভ্রমণ উপভোগে বেশি সময় দিতে পারবেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০টি বিমানবন্দরের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটে তরল সীমা তুলে নেওয়া একমাত্র বিমানবন্দর হলো হিথ্রো।
যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন প্রজন্মের নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের কাজ শেষ করা সর্বশেষ বিমানবন্দর হলো হিথ্রো। এতে নিরাপত্তা পরীক্ষা আরো মজবুত হবে এবং প্রক্রিয়া হবে মসৃণ। তবে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমানবন্দরের নিয়ম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)