আরো বেশি ঝুঁকিপূর্ণ ইউরোপগামী অভিবাসীদের অবৈধ যাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৪
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের যাত্রা আরো দূরবর্তী ও প্রাণঘাতী হয়ে উঠছে। মাউরিতানিয়া অনিয়মিত অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর ২০২৫ সালে অভিবাসীরা নতুন রুট ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে রেড ক্রস।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গাম্বিয়া থেকে আসা ছোট নৌকার সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে যেখানে মাত্র ৯টি নৌকা পৌঁছেছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২২টিতে। আরো দক্ষিণের দেশ গিনি থেকেও তিনটি নৌকা পৌঁছেছে। এর মধ্যে একটি রাজধানী কোনাক্রি থেকে যাত্রা শুরু করে, যা ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২ হাজার কিলোমিটারের বেশি দূরে। যাত্রাটি শেষ করতে সময় লেগেছে ১১ দিন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ২০২৫ সালের মার্চ থেকে মাউরিতানিয়ার পুলিশ অভিবাসীদের ওপর দমন অভিযান শুরু করে। এর আগে ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি হয়, যার লক্ষ্য ছিল অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত দুই বছরে তিনবার নোয়াকশটে সফর করেছেন, কারণ ২০২৪ সালে ক্যানারিতে অভিবাসীর সংখ্যা রেকর্ড ৪৬ হাজার ৮৪৩ তে পৌঁছেছিল এবং মাউরিতানিয়া তখন প্রধান প্রস্থান কেন্দ্র হয়ে উঠেছিল।
রেড ক্রসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে মাউরিতানিয়া থেকে যাত্রা করা নৌকার সংখ্যা ৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ২৩টিতে, যেখানে ২০২৪ সালের একই সময়ে ছিল ২১৬টি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ২০২৫ সালে অক্টোবর পর্যন্ত আগের বছরের তুলনায় ৫৯ শতাংশ কমেছে।
SOAS ইউনিভার্সিটি অব লন্ডনের অভিবাসন গবেষক হাসান উলদ মোকতার বলেন, “মানুষ আরো দক্ষিণ থেকে যাত্রা শুরু করছে মানে তাদের পথ আরো দীর্ঘ হচ্ছে। বেশি খাবার, জ্বালানি ও অর্থের প্রয়োজন হচ্ছে। সব মিলিয়ে যাত্রা আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইউরোপে পৌঁছানোর সবচেয়ে প্রাণঘাতী পথটি আরো প্রাণঘাতী হয়ে উঠছে।”
logo-1-1740906910.png)