ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের অপহরণ, মুক্তিপণ আদায় আর নির্যাতনের খবর পাওয়া গেছে। এসব অপরাধের সাথে যুক্ত দেশটিতে থাকা চার প্রবাসী বাংলাদেশি।
ইতালির সিসিলি পুলিশ জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীকে অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে তারা৷ এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ একজন এখনো পলাতক৷ ইনফো মাইগ্রেন্টস বাংলার খবরে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ে অপহরণ ও গুরুতর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে৷
পুলিশি তদন্ত অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে সিসিলির ভিটোরিয়ার গ্রামাঞ্চলে এই ঘটনাটি ঘটে৷ ইতালিতে আসার পর দুইজন বাংলাদেশিকে ভিটোরিয়ার একটি নির্জন গ্রামীণ বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ ওই বাড়িটি কার্যত ছিল একটি কারাগার৷ তদন্তে বলা হয়, ভুক্তভোগীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, হাত-পা বেঁধে আলাদা আলাদা কক্ষে আটকে রাখা হয়৷ এমনকি তাদের কখনো শেকল দিয়ে, লোহার রড ও ধাতব পাইপ দিয়ে মারধরও করা হয়েছে৷ তাদের শ্বাসরোধ করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে৷
তদন্তকারীরা জানতে পারেন, প্রায় ২০ হাজার ইউরো মুক্তিপণ দেওয়ার পরই দুজনকে ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়৷ এরপরও পুলিশের কাছে অভিযোগ করা হলে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তদন্তে উঠে এসেছে৷
অপরাধের সাথে প্রাথমিক যোগসূত্র পাওয়ায়, তিনজনকে জেলে রাখা হয়েছে। বাকি একজনকে খুঁজছে ইতালি পুলিশ।
logo-1-1740906910.png)