Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৫

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা

মধ্যপ্রাচ্যে সংকটের আবহে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নানা অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে। এমন পরিস্থিতিতে দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে সচেতন থাকতে অনুরোধ করেছে।

দূতাবাস বলেছে, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে কেবল পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য। চাকরি বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতারণা ও ফিশিং থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করতে হবে, তথ্য বা ছবি শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে এবং উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

বর্জনীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার না করা। গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা। ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে এমন কোনো পোস্ট দেওয়া যাবে না, যা স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে।

রাজনৈতিক বা নিষিদ্ধ অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার ওপরও জোর দিয়েছে দূতাবাস। যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনে অনুদান দেওয়া যাবে না। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট বা মন্তব্য থেকে বিরত থাকতে হবে।

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন করে পোস্ট বা মন্তব্য না করার অনুরোধ করেছে দূতাবাস।

প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ অপরিহার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মুহূর্তের অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে। তাই সচেতনতা ও সতর্কতা এখন প্রবাসী জীবনের সবচেয়ে বড় সঙ্গী।

Logo