Logo
×

Follow Us

বাংলাদেশ

ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২৩:১০

ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ

ইতালি ও বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশে দায়িত্বরত ইতালির রাষ্ট্রদূত। ৮ এপ্রিল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন খাত, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন অগ্রাধিকার খাতে সম্পৃক্ততা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ইতালির সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত আলেসান্দ্রো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এজেন্ডা বিষয়ে ইতালির অবস্থান তুলে ধরেন।

আলোচনায় অভিবাসন ও গতিশীলতা বিশেষ গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী বলেন, ইতালি ও অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কার্যকর অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে উভয় দেশই লাভবান হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের অনিয়মিত অভিবাসন রোধে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং ইতালীয় সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদান স্বীকার করেন। উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা আইনি পথ, দক্ষতা উন্নয়ন অংশীদারিত্ব এবং শ্রমগত গতিশীলতা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

Logo