ঢাকার মার্কিন দূতাবাস নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। ৭ মার্চ প্রকাশিত বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় ভিসাধারীদের নিশ্চিত করতে হবে যে তারা পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রাখেন। ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি দেখা দিলে নিজের খরচ বহন করার মতো সক্ষমতা থাকতে হবে।
দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে। এর ফলে ভবিষ্যতে কেউ যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়তে পারেন। অর্থাৎ সরকারি সুবিধা গ্রহণের মাধ্যমে ভিসার শর্ত ভঙ্গ করলে তা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হবে।
এর আগে মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের সতর্ক করেছিল সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়ে। ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি স্বাস্থ্যসেবা নেওয়া হলে তা ভিসার অপব্যবহার হিসেবে দেখা হবে। এ কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বাতিল হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরকার নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে চাইছে। কারণ অনেক সময় দেখা যায়, ভিসাধারীরা পর্যাপ্ত অর্থ ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং জরুরি পরিস্থিতিতে সরকারি সুবিধার ওপর নির্ভর করেন। এতে স্থানীয় করদাতাদের অর্থে পরিচালিত সেবার ওপর চাপ পড়ে।
মার্কিন দূতাবাসের এ সতর্কবার্তা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসাধারীদের জন্য গুরুত্বপূর্ণ। যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে। পাশাপাশি সরকারি সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
logo-1-1740906910.png)