গণতান্ত্রিক, স্থিতিশীল বাংলাদেশের পাশে ভারত: প্রণয় ভার্মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:০৩
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করবে। ৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রণয় ভার্মা বলেন, “আজ এখানে সমবেত হওয়ার মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ় বন্ধনের কথা স্মরণ করিয়ে দেয়।” তিনি আরো বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে।
ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, দুই জাতির সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অভিন্ন ত্যাগের স্মৃতি দুই দেশকে ঐক্যবদ্ধ করেছে। তিনি বলেন, আজ আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে একসঙ্গে কাজ করে শুধু বাংলাদেশ ও ভারত নয়, বরং বৃহত্তর অঞ্চলের সম্মিলিত সমৃদ্ধি অর্জন সম্ভব।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে প্রণয় ভার্মা শুভেচ্ছা জানিয়ে বলেন, এই আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরো জোরদার করে। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান মাস সবার জন্য সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে এবং মানবিক মূল্যবোধ যেমন সহানুভূতি, করুণা ও অন্তর্ভুক্তিকে আরো জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা অংশ নেন।
logo-1-1740906910.png)