আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও কুয়েত প্রবাসী বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া সহজতর করতে “Postal Vote BD” অ্যাপ ব্যবহারের নিয়ম, জনসচেতনতা বৃদ্ধি এবং পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধিত সকল ভোটারের পোস্টাল ব্যালট ইতোমধ্যে কুয়েতের স্থানীয় পোস্ট অফিসগুলোতে পৌঁছে গেছে। তিনি প্রবাসীদের দ্রুত ব্যালট সংগ্রহের আহ্বান জানান এবং অন্যদের সহায়তা করার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি ব্যালট সংগ্রহে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা সরাসরি জানাতে বলেন এবং দূতাবাসের পক্ষ থেকে সক্রিয়ভাবে সমাধানের আশ্বাস দেন।
সভায় রাষ্ট্রদূত পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করে বা প্রভাব খাটানোর চেষ্টা করে, তবে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, সম্প্রতি বাহরাইন ও কুয়েতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল। এ প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাঠানো একটি বিশেষ ভিডিও চিত্রের মাধ্যমে প্রবাসীদের সামনে সঠিক ও স্বচ্ছ তথ্য তুলে ধরা হয় এবং গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
logo-1-1740906910.png)