বিদেশি শিক্ষার্থী কমছে, ৩.৪ বিলিয়ন ডলার হারানোর পথে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৪:১৮
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে দেশটি। চলতি ফল সেমিস্টারে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি প্রায় ৯ দশমিক ৫ শতাংশ কমতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ক্ষতি হতে পারে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। একই সঙ্গে হারাতে পারে প্রায় ৩৯ হাজার চাকরি।
পাই নিউজের সাম্প্রতিক এক খবরে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী কমলে শুধু বিশ্ববিদ্যালয়গুলোই ক্ষতিগ্রস্ত হবে না। স্থানীয় বাড়ি ভাড়া, খাবারের দোকান, পরিবহন, খুচরা ব্যবসা ও অন্যান্য সেবা খাতেও এর প্রভাব পড়বে।
গবেষণার হিসাবে, এবার প্রায় ১ লাখ ১০ হাজার বিদেশি শিক্ষার্থী কমে যেতে পারে। এর পেছনে ভিসা প্রক্রিয়ায় দেরি, সাক্ষাৎকারের সীমিত সুযোগ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নীতিতে অনিশ্চয়তাকে দায়ী করা হয়েছে।
বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি আরো কঠিন। চলতি ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ডক্টরাল আবেদন ২১ শতাংশ কমেছে। পিএইচডি ভর্তিও কমেছে ১৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রের তুলনায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশও বেশি। ফলে শিক্ষার্থীদের আকর্ষণে এসব দেশ এখন আরো সুবিধাজনক অবস্থানে যেতে পারে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে পড়ার পরিকল্পনা থাকলে শুধু বিশ্ববিদ্যালয়ের মান নয়, ভিসা পাওয়ার সম্ভাবনা, পড়াশোনার পর কাজের সুযোগ এবং ভবিষ্যৎ নীতির পরিবর্তন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
logo-1-1740906910.png)