আন্তর্জাতিক কার্ডে বিদেশে শিক্ষা ব্যয় পাঠানোর সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৫
বাংলাদেশ ব্যাংক বিদেশে শিক্ষা ব্যয় পাঠানো আরো সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় পরিশোধ করতে পারবেন।
১০ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখা শিক্ষার্থীর নামে বা তার ব্যয় পরিশোধকারী অভিভাবকের নামে বিশেষ আন্তর্জাতিক কার্ড বরাদ্দ দিতে পারবে। তবে এ কার্ড দিয়ে শুধু শিক্ষা ব্যয় পরিশোধ করা যাবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় আনা ব্যয়ের সঙ্গে এক করা যাবে না। অর্থাৎ শিক্ষা কার্ডের লেনদেন আলাদা হিসেবে সংরক্ষণ করতে হবে। এজন্য ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড বা ক্রেডিট কার্ড দিতে পারবে।
বর্তমানে বিদেশে শিক্ষা ব্যয় সাধারণত ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবাসনের বাইরে থাকার সময়ে বাড়ি ভাড়া বা অন্যান্য খরচ পরিশোধে শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়েন। নতুন সিদ্ধান্তে এসব ব্যয়ও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, অন্যান্য শিক্ষা ব্যয় এবং ভর্তি প্ল্যাটফর্মগুলোর সেবা মাশুলও এ কার্ড ব্যবহার করে পরিশোধ করা যাবে। তবে এডি শাখাকে অবশ্যই শিক্ষা ব্যয়ের সীমা যাচাই করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, কিছু ক্ষেত্রে বিদেশে সব ধরনের ব্যয় কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এজন্য দেশি শিক্ষার্থীদের সুবিধার্থে আন্তর্জাতিক শিক্ষা কার্ড চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা দ্রুত ও নিরাপদে ব্যয় পরিশোধ করতে পারবেন।
কার্ড বরাদ্দ দেওয়ার আগে প্রয়োজনীয় প্রমাণপত্র ও কাগুজে তথ্য যাচাই-বাছাই করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা কার্ডের সব লেনদেন তথ্য প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
অভিবাসন ও শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী পদক্ষেপ। বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বস্তি পাবেন এবং তাদের অভিভাবকরাও নিরাপদে ব্যয় পরিশোধ করতে পারবেন।
logo-1-1740906910.png)