বিদেশে উচ্চশিক্ষা: হাল না ছেড়ে ধৈর্য ধরে লেগে থাকুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪৯
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেরই থাকে। উন্নত মানের শিক্ষা, নতুন সংস্কৃতি দেখা, বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন; সব মিলিয়ে অনেকেই দেশ ছাড়েন। কিন্তু এই যাত্রা যতটা রঙিন মনে হয়, বাস্তবে তা অনেক বেশি কঠিন। বিদেশে পড়াশোনা কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং এটি দীর্ঘ, জটিল এবং কখনো একাকিত্বে ভরা এক যাত্রা। আর এই পথ পাড়ি দিতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ও লেগে থাকা।
বিদেশে পড়াশোনার যাত্রা শুরু হয় পরিকল্পনা দিয়ে। কোন দেশে পড়ব, কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করব, কীভাবে স্কলারশিপ পাওয়া যাবে; এসব প্রশ্নের উত্তর খুঁজতে হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম আলাদা, আবেদন প্রক্রিয়াও জটিল। আইইএলটিএস বা জিআরই-এর মতো পরীক্ষা দিতে হয়, অসংখ্য কাগজপত্র তৈরি করতে হয়। অনেক সময় একটি স্কলারশিপের জন্য ১০টি আবেদন করতে হয়, তবেই একটি সুযোগ আসে। প্রথম ধাক্কা এখানেই কোথাও আবেদন বাতিল হয়, কোথাও কোনো উত্তরই আসে না। তখনই বোঝা যায়, শুধু মেধা নয়, টিকে থাকতে হলে লেগে থাকতে হবে।
একবার ভর্তি হয়ে গেলে মনে হয় সব সহজ হয়ে গেল। কিন্তু বাস্তবে ক্লাসে ভালো করতে হবে, গবেষণায় মন দিতে হবে, নতুন পরিবেশে জীবন চালাতে হবে। অনেক সময় প্রচণ্ড পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল আসে না। তখন হতাশা গ্রাস করে। এখানেই প্রয়োজন ধৈর্য ধরে এগিয়ে চলা।
মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো গবেষণা। একটি থিসিসের বিষয় নিয়ে বছরের পর বছর কাজ করতে হয়। অনেক সময় কাজ বিফলে যায়, সুপারভাইজার সন্তুষ্ট হন না, গবেষণাপত্র বাতিল হয়। তবুও লেগে থাকতে হয়, কারণ এটাই সফলতার পথ।
বিদেশে পড়াশোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক চাপ। পরিবার থেকে দূরে থাকা, নিজের ভাষায় কথা না বলা, সামাজিক বিচ্ছিন্নতা; সব মিলিয়ে একাকিত্ব বাড়ে। কখনো প্রিয়জন অসুস্থ হয়ে পড়েন, কখনো শুধু ক্লান্তি গ্রাস করে। তখন মনে প্রশ্ন জাগে, কেন এসেছি এখানে? উত্তর পাওয়া যায় নিজের স্বপ্নে উন্নত শিক্ষা, নতুন অভিজ্ঞতা আর ভবিষ্যতের সম্ভাবনা।
কঠিন যাত্রার মাঝেও আনন্দ থাকে। কোনো কাজ সফলভাবে শেষ করার পর যে তৃপ্তি, পৃথিবীর নানা প্রান্ত থেকে বন্ধু তৈরির সুযোগ, নিজের ওপর আস্থা রাখা; এসবই বিদেশে পড়াশোনার বড় অর্জন।
logo-1-1740906910.png)