Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর ১৯ জুলাই ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে যেসব ভুল করা যাবে না

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:২৬

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে যেসব ভুল করা যাবে না

বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নিশ্চিত হওয়ার পরও অনেকের স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হয়ে যায়। প্রয়োজনীয় শর্ত পূরণ না করা, আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া বা কাগজপত্রে ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী বিদেশে যাওয়ার সুযোগ হারান। বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ ভিসা আবেদন কিছু সাধারণ ভুলের কারণে প্রত্যাখ্যাত হয়। আগে থেকে সতর্ক থাকলে এসব সমস্যা সহজেই এড়ানো সম্ভব। ভিসা বাতিল হওয়ার অন্যতম বড় কারণ হলো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া বা অসম্পূর্ণ নথি দেওয়া। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিকভাবে জমা না দিলে ভিসা কর্মকর্তা আবেদন বাতিল করতে পারেন। এছাড়া আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া একটি বড় সমস্যা। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উল্লেখ করলে তা ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। বিদেশে পড়াশোনার খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ দেখানোও গুরুত্বপূর্ণ। টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ ও অন্যান্য ব্যয় চালানোর মতো অর্থের প্রমাণ দিতে না পারলে আবেদন নাকচ হতে পারে।

অনেক ক্ষেত্রে ভিসা সাক্ষাৎকারেও শিক্ষার্থীরা সমস্যায় পড়েন। সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের অভাব, অস্পষ্ট উত্তর দেওয়া বা নিজের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে তুলে ধরতে না পারলে আবেদন নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। কিছু দেশের ক্ষেত্রে শিক্ষার্থীর আগের একাডেমিক ফলাফলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্বল ফলাফল থাকলে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। পড়াশোনা বা চাকরিজীবনে দীর্ঘ বিরতি থাকলে তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়। বিরতির কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে না পারলে ভিসা কর্মকর্তা আবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন।

এছাড়া নিজের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত অভিজ্ঞতার সঙ্গে মিল নেই- এমন কোনো কোর্স নির্বাচন করলেও ভিসা আবেদন প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ ভিসা কর্মকর্তারা সাধারণত শিক্ষার্থীর কোর্স নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে সামঞ্জস্য আছে কিনা, তা বিবেচনা করেন। ভাষাগত দক্ষতার শর্ত পূরণ করাও গুরুত্বপূর্ণ। আইইএলটিএস, টোয়েফল বা সমমানের পরীক্ষায় প্রয়োজনীয় স্কোর অর্জন করতে না পারলে অনেক দেশের স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হতে পারে।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে সব নথিপত্র ভালোভাবে যাচাই করতে হবে। সঠিক তথ্য দিতে হবে এবং আর্থিক সক্ষমতার প্রমাণ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়াও অত্যন্ত জরুরি।

Logo