উচ্চশিক্ষার খবর ৩০ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডির সুযোগ পাচ্ছেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ২০:৫০
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। এই চুক্তির মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক উন্নয়ন, বৃত্তি কর্মসূচি, একাডেমিক বিনিময় এবং যৌথ গবেষণায় দুই দেশের সহযোগিতা আরো জোরদার হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের শিক্ষক ও গবেষকদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে যৌথ মাস্টার্স ও পিএইচডি কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি দক্ষ শিক্ষক, পাঠ্যক্রম উন্নয়ন এবং একাডেমিক সহায়তা চেয়েছেন তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের কাছে।
এছাড়া বাংলাদেশে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর এবং বিজ্ঞানভিত্তিক সক্ষমতা আরো শক্তিশালী করা যায়। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে, বর্তমানে সেখানে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থীকে সুযোগ দিতে তারা প্রস্তুত।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।
logo-1-1740906910.png)