Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:২৯

পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আনছে সরকার। নতুন নীতি অনুযায়ী, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার পাশাপাশি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ চালু করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সুবিধার যোগ্যতা বাড়ানো হয়েছে। এই নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের ১৬ নভেম্বর থেকে।

নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা এবং নিউজিল্যান্ড বা বিদেশ থেকে স্নাতক ডিগ্রিধারীরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। শর্ত হলো পূর্ণকালীনভাবে পুরো কোর্স সম্পন্ন করতে হবে এবং সনদ ও ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

সবচেয়ে বড় পরিবর্তন হলো শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা, যা ছয় মাসের জন্য প্রযোজ্য। দীর্ঘমেয়াদি পোস্ট-স্টাডি ভিসার যোগ্যতা পূরণ করতে না পারা শিক্ষার্থীরা এই ভিসায় সর্বোচ্চ ছয় মাস নিউজিল্যান্ডে থেকে প্রায় যে কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। তবে এই ভিসায় ব্যবসা শুরু করা, পরিবারকে স্পন্সর করা বা একাধিকবার আবেদন করার সুযোগ থাকবে না।

যোগ্যতার শর্তগুলোর মধ্যে রয়েছে লেভেল ৫ থেকে ৭ পূর্ণকালীন কোর্স সম্পন্ন করতে হবে, কোর্সের মেয়াদ কমপক্ষে ২৪ সপ্তাহ হতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে এবং স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।

দ্বিতীয় বড় পরিবর্তন হলো পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার পরিধি বৃদ্ধি। এখন লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা এক বছরের ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হতে পারেন। শর্ত অনুযায়ী তাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে অথবা গ্র্যাজুয়েট ডিপ্লোমা নিউজিল্যান্ডের গ্রিন লিস্টে থাকা পেশার সঙ্গে সম্পর্কিত হতে হবে। এই তালিকায় মূলত দক্ষ কর্মীর ঘাটতি থাকা পেশাগুলো অন্তর্ভুক্ত।

নতুন নিয়মে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা; দুটিই একবারই পাওয়া যাবে। অর্থাৎ, একবার সুবিধা নেওয়ার পর পুনরায় আবেদন করা যাবে না। ফলে শিক্ষার্থীদের এখন থেকেই সতর্কভাবে কোর্স নির্বাচন করতে হবে। কারণ ভিসার মেয়াদ ও চাকরির সুযোগ সরাসরি কোর্স ও যোগ্যতার ওপর নির্ভর করবে।

Logo