Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে ফুল ফান্ডেড হাইনরিশ বোল ফাউন্ডেশন স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:২৮

জার্মানিতে ফুল ফান্ডেড হাইনরিশ বোল ফাউন্ডেশন স্কলারশিপ

জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ হাইনরিশ বোল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৬ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পূর্ণ অর্থায়নের সুযোগ দিচ্ছে। স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য এই স্কলারশিপে আবেদন করা যাবে।

এই স্কলারশিপ শুধু আর্থিক সহায়তা নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়ের মতো মূল্যবোধকে গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের নেতৃত্ব উন্নয়ন, পরিবেশগত উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করা হয়। ফলে এটি একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্কলারশিপটি জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রতি বছর প্রায় ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী এই সুযোগ পান। আবেদন গ্রহণ করা হয় বছরে দুইবার- ১ মার্চ ও ১ সেপ্টেম্বর।

স্কলারশিপে পড়াশোনার পুরো সময়ের জন্য অর্থায়ন করা হয়। মাস্টার্স শিক্ষার্থীরা মাসে প্রায় ৯৩৪ ইউরো ভাতা পান। পিএইচডি শিক্ষার্থীদের জন্য গবেষণা ভাতা আরো বেশি। এছাড়া বাসস্থান, স্বাস্থ্যবীমা, গবেষণা খরচ, ভ্রমণ ভাতা এবং পরিবারভিত্তিক সহায়তাও দেওয়া হয়। শিক্ষার্থীরা মেন্টরিং প্রোগ্রাম, কর্মশালা এবং আন্তর্জাতিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পান।

যোগ্যতা

- আবেদনকারীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে।

- পিএইচডি শিক্ষার্থীদের জন্য: জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা সুপারভিশন নিশ্চিত করতে হবে, গবেষণা প্রস্তাব জমা দিতে হবে এবং জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে।

- ইইউ শিক্ষার্থীদের জন্য: স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি, ট্রান্সক্রিপ্ট ও জার্মান ভাষায় B2 বা DSH-2 দক্ষতা থাকতে হবে।

- নন-ইইউ শিক্ষার্থীদের জন্য: জার্মানিতে পূর্বে উচ্চশিক্ষা সম্পন্ন না করা, স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি, ট্রান্সক্রিপ্ট ও জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে।

মাস্টার্স আবেদনকারীদের সিভি, দুটি রেফারেন্স লেটার, ট্রান্সক্রিপ্ট, মোটিভেশন লেটার, ব্যাচেলর সনদ, রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার বিবৃতি এবং ভাষা দক্ষতার প্রমাণ জমা দিতে হবে। পিএইচডি আবেদনকারীদের গবেষণা প্রস্তাব, থিসিসের কাঠামো, এক বছরের গবেষণা পরিকল্পনা এবং বিস্তারিত মোটিভেশন লেটার জমা দিতে হবে।

আবেদন অনলাইনে জমা দিতে হবে। এরপর লিয়াজোঁ লেকচারারের সঙ্গে সাক্ষাৎকার, বার্লিনে কর্মশালা ও গ্রুপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হয়। একাডেমিক যোগ্যতা ও সামাজিক সম্পৃক্ততা সমানভাবে গুরুত্ব দেওয়া হয়।

Logo