Logo
×

Follow Us

বাংলাদেশ

তৃতীয় ভাষা জানলে উচ্চশিক্ষায় মিলবে ১০ লাখ টাকার ঋণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:০৫

তৃতীয় ভাষা জানলে উচ্চশিক্ষায় মিলবে ১০ লাখ টাকার ঋণ

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষা জানা থাকলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় যেতে পাবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে থাকবে জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মানসহ আরো কয়েকটি ভাষা। তিনি জানান, তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় যেতে চাইলে তাদের ঋণ সুবিধা দেওয়া হবে।

অর্থমন্ত্রী সংসদে বলেন, নতুন বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেটে শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষার চাপ নয়, আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাক।”

সরকার মনে করছে, তৃতীয় ভাষা শিক্ষা শুধু দেশের অভ্যন্তরে নয়, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। জাপান, কোরিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। শিক্ষার্থীরা যদি পড়াশোনার পাশাপাশি তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করেন, তবে তারা বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে বাড়তি সুবিধা পাবেন।

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিএনপি সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর এটি তাদের প্রথম বাজেট। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেটে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। উচ্চশিক্ষায় ১০ লাখ টাকার ঋণ সুবিধা তাদের আর্থিক চাপ কমাবে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের লক্ষ্য হলো শিক্ষা খাতকে আনন্দময়, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলা।

Logo