তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:২০
দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ জুন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে সরকার তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পাবেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরো বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসব চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজও চলছে।
সরকার মনে করছে, তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং রেমিট্যান্স প্রবাহ আরো শক্তিশালী হবে।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)