পর্তুগালে পর্যটক ভিসায় গিয়ে আর শিক্ষাভিত্তিক রেসিডেন্স পারমিট পাওয়া যাবে না। দেশটির মন্ত্রিপরিষদ নতুন একটি খসড়া আইন অনুমোদন করেছে, যা কার্যকর হলে বাংলাদেশসহ সব দেশের নাগরিকদের জন্য এই সুযোগ বন্ধ হয়ে যাবে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার উদ্দেশ্যে বসবাসের অনুমতি পেতে হলে আবেদনকারীকে নিজ দেশের পর্তুগিজ দূতাবাস বা কনস্যুলেট থেকে আগেই প্রয়োজনীয় ভিসা নিতে হবে। ফলে পর্যটক ভিসায় প্রবেশের পর তা পরিবর্তন করে শিক্ষাভিত্তিক রেসিডেন্স পারমিটের আবেদন আর করা যাবে না।
খসড়া আইনটি এখন সংসদে পাঠানো হবে। সংসদে অনুমোদনের পর এটি কার্যকর হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ডিয়ারিও ডি নোটিসিয়াস জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনেক বিদেশি নাগরিক পর্যটক ভিসায় পর্তুগালে গিয়ে পরে পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে বৈধভাবে থাকার আবেদন করছিলেন। সরকার মনে করছে, এই প্রক্রিয়া অনেক ক্ষেত্রে ‘মেনিফেস্টাসাও ডি ইন্টারেস্ট’-এর বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
বিশ্লেষকদের মতে, ইউরোপের অন্যতম অভিবাসীবান্ধব দেশ হওয়ায় বাংলাদেশ, ব্রাজিল, ভারত, নেপালসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরা পড়াশোনা, কাজ ও বসবাসের উদ্দেশে পর্তুগালে যান। নতুন এই সিদ্ধান্তে এসব দেশের শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর প্রভাব পড়তে পারে।
অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকে পর্তুগালে পড়াশোনা বা পেশাগত প্রশিক্ষণের উদ্দেশে যেতে হলে নিজ দেশ থেকেই সঠিক ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি হবে। অর্থাৎ পর্যটক ভিসায় গিয়ে আর শিক্ষার সুযোগ নেওয়া যাবে না।
logo-1-1740906910.png)