Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৭–২৮-এর আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:৪৬

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৭–২৮-এর আবেদন শুরু

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম (FFSP)–এর আবেদন আহ্বান করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (IIE)–এর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচি বাংলাদেশের তরুণ শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।

প্রোগ্রামের আওতায় নির্বাচিতরা এক থেকে দুই বছরের জন্য পূর্ণ বৃত্তি পাবেন। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে তাঁদের পড়াশোনা শুরু হবে। বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক ও এনজিওতে কর্মরত তরুণ ও মধ্য পর্যায়ের পেশাজীবীদের। যারা যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী, তাঁদের আবেদনকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

এই বৃত্তির আওতায় আবেদন করা যাবে আমেরিকান স্টাডিজ, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি, জ্বালানি ব্যবস্থাপনা, কৃষি ও প্রাকৃতিক বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং ইংরেজি ভাষা শিক্ষাদান (TESOL)–সহ নানা বিষয়ে।

আবেদনকারীর অন্তত চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং একাডেমিক রেকর্ড উৎকৃষ্ট হতে হবে। যুক্তরাষ্ট্রে কোনো ডিগ্রি অর্জনকারী বা বর্তমানে সেখানে অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন না। বিদেশি মাস্টার্স ডিগ্রিধারীরা অযোগ্য হলেও বাংলাদেশি মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর অন্তত দুই বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে TOEFL–এ ন্যূনতম ৯০ বা IELTS–এ ৭ স্কোর থাকতে হবে।

আবেদনকারীদের অনলাইনে পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ট্রান্সক্রিপ্ট ও সনদ, তিনটি সুপারিশপত্র, একাডেমিক রেকর্ড ফর্ম, বৈধ TOEFL বা IELTS স্কোর এবং GRE বা GMAT স্কোর (যদি থাকে) জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ শনিবার, ১১ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (BST)। আবেদন করতে হবে অনলাইনে: https://apply.iie.org/ffsp2027

বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে Fulbright Foreign Student Program Application Instructions–এ। আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে dhakausexchanges@state.gov–এ।

Logo