বিদেশ থেকে তরুণদের ফিরিয়ে এনে কাজে লাগাতে হবে: শ্রমমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৩
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে না আসার প্রবণতা রোধ করতে হবে। তাদের দেশে ফিরিয়ে এনে উন্নয়নে কাজে লাগানো জরুরি।
১৮ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়াম ও গ্র্যান্ড সেলিব্রেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় একটি বড় সমস্যা। এ বিষয়ে গবেষণা করে তথ্য ও সুপারিশ সরকারকে দেওয়া প্রয়োজন, যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া যায়। তিনি আশা প্রকাশ করেন, নৃ-বিজ্ঞান বিভাগ এ ধরনের গবেষণায় অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, দেশের তরুণরা নানা কারণে মানসিক চাপ ও ডিপ্রেশনে ভুগছে, যা উদ্বেগজনক। মোবাইল ফোনের সঠিক ও সংযত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। নতুন বিভাগ খোলার বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সিলেট অঞ্চলকে কেন্দ্র করে গবেষণা কার্যক্রম জোরদারে নৃ-বিজ্ঞান বিভাগের গবেষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি জানান, গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন বিভাগ খোলা হয়নি। বর্তমান প্রশাসন সময়োপযোগী নতুন বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়কে আধুনিক ইলেকট্রনিক ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, সাইফুর রহমান দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার সময়েই দেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়।
তিনি আরো বলেন, মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে তার ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোখলেসুর রহমান। সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুশারফ হোসেন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)