বিশ্বমানের শিক্ষা অর্জনের স্বপ্ন অনেক সময় ব্যয়বহুল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ ক্রমেই বাড়ছে। ফলে অনেক শিক্ষার্থী বিকল্প খুঁজছেন। সুখবর হলো, এখনো কয়েকটি দেশ উচ্চশিক্ষাকে ব্যবসা নয়, বরং জনসেবা হিসেবে দেখে বিনা টিউশনে পড়াশোনার সুযোগ দিচ্ছে।
জার্মানি
২০১৪ সাল থেকে জার্মানির প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই। শিক্ষার্থীদের শুধু “সেমিস্টার ফি” দিতে হয়, যা ১৫০ থেকে ৩৫০ ইউরোর মধ্যে। এতে প্রশাসনিক খরচ এবং স্থানীয় পরিবহনের জন্য ফ্রি পাস অন্তর্ভুক্ত থাকে। তবে বাদেন-ভুর্টেমবার্গ রাজ্যে নন-ইইউ শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে প্রায় ১ হাজার ৫০০ ইউরো দিতে হয়।
আইসল্যান্ড
আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই। শিক্ষার্থীদের বছরে প্রায় ৭৫ হাজার আইএসকে (প্রায় ৫৫০ ডলার) রেজিস্ট্রেশন ফি দিতে হয়। স্নাতক পর্যায়ের পড়াশোনা মূলত আইসল্যান্ডিক ভাষায় হলেও মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ বাড়ছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও ভূবিজ্ঞান বিষয়ে।
ব্রাজিল
ব্রাজিলের ফেডারেল বিশ্ববিদ্যালয়গুলো সংবিধান অনুযায়ী দেশি-বিদেশি সবার জন্য বিনা টিউশনে শিক্ষা দেয়। তবে বেশির ভাগ কোর্স পর্তুগিজ ভাষায় পড়ানো হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত PEC-G প্রোগ্রামের মাধ্যমে ভর্তি হন, যেখানে এক বছরের ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। ব্রাজিলের শহরগুলোতে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা।
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চেক ভাষায় পড়াশোনা করলে টিউশন ফি নেই। অনেক শিক্ষার্থী প্রথমে প্রাগ বা ব্রনোতে গিয়ে ভাষা শেখেন। বি২ স্তরের দক্ষতা অর্জন করলে তারা বিনা টিউশনে পড়াশোনা করতে পারেন। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চাইলে বছরে গড়ে প্রায় ৪ হাজার ডলার খরচ হয়।
ফ্রান্স
ফ্রান্সে সম্প্রতি নন-ইইউ শিক্ষার্থীদের জন্য আলাদা ফি চালু হয়েছে। তবে সরকার আসল খরচের দুই-তৃতীয়াংশ বহন করে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইইউ শিক্ষার্থীরা বছরে মাত্র ১৭০-২৪৩ ইউরো দেন। নন-ইইউ শিক্ষার্থীদের ব্যাচেলর পর্যায়ে প্রায় ২ হাজার ৭৭০ ইউরো এবং মাস্টার্সে ৩ হাজার ৭৭০ ইউরো দিতে হয়। পিএইচডি পর্যায়ে খরচ প্রায় নেই বললেই চলে, মাত্র ৩৮০ ইউরো।
নরওয়ে
নরওয়ে সম্প্রতি নন-ইইউ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু করেছে। তবে পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের কর্মচারী হিসেবে গণ্য করা হয়। তারা টিউশন ফি দেন না, বরং বেতন, পেনশন ও অন্যান্য সুবিধা পান। ইইউ/ইইএ দেশগুলোর শিক্ষার্থীদের জন্য নরওয়ে এখনো সম্পূর্ণ বিনা টিউশনে পড়াশোনার সুযোগ রাখছে।
বিনা টিউশনে পড়াশোনা মানে বিনা খরচে জীবন নয়। শিক্ষার্থীদের অবশ্যই ভিসার জন্য আবেদন করতে গিয়ে প্রমাণ করতে হয় যে তারা ভাড়া, খাবার ও স্বাস্থ্যবীমার খরচ বহন করতে সক্ষম। তবুও এই ছয় দেশ বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে।
logo-1-1740906910.png)