যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৫৪
বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ভিসা বন্ড দিতে হবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ২৪ মার্চ এক বার্তায় দূতাবাস স্পষ্ট করেছে, এফ বা এম ভিসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা বন্ড প্রযোজ্য নয়।
তবে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে বি১ ও বি২ ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। এই নিয়ম ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১ ও বি২ ভিসাধারীদের ক্ষেত্রে নতুন শর্ত প্রযোজ্য নয়। এছাড়া সাক্ষাৎকারের আগে কোনো অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছে তারা। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং প্রতারণামূলক তৃতীয় পক্ষের ওয়েবসাইটে অর্থ প্রদান করলে তা ফেরতযোগ্য নয়।
বার্তায় আরো বলা হয়েছে, ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে, যেন তারা কেবল দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেন।
উল্লেখ্য, ২৩ মার্চ দূতাবাস জানিয়েছিল, ব্যবসা ও পর্যটন ভিসার ক্ষেত্রে নতুন বন্ড শর্ত কার্যকর হবে। তবে শিক্ষার্থীদের জন্য এফ ও এম ভিসায় কোনো বন্ডের প্রয়োজন নেই।
logo-1-1740906910.png)