বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭
উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশে পড়াশোনার জন্য যারা যাবেন, তারা এই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যেন এই ঋণ দেওয়া হয়। তবে এই টাকা নগদ আকারে হাতে দেওয়া হবে না; বরং টিউশন ফি বা প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে সরাসরি সাপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে।
প্রতিমন্ত্রী জানান, সাধারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে গ্যারান্টরসহ নানা জটিলতা থাকে। কিন্তু বিদেশগামী শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কর্মসংস্থানে যুক্ত হয়ে রেমিট্যান্স পাঠান, যা দেশের জন্য লাভজনক। তাই গ্যারান্টর ছাড়াই এই ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছেন। তারই অংশ হিসেবে বিদেশগামী শিক্ষার্থীরা যেন ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি জটিলতায় না পড়েন, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাময়িক কিছু সমস্যা হলেও দীর্ঘমেয়াদে রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে না। বরং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশের জনশক্তির বড় চাহিদা তৈরি হবে।
তিনি জানান, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। মালয়েশিয়া ও ভিয়েতনামের শ্রমবাজার দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। জাপানে ১ লাখ কর্মী পাঠানোর জন্য স্বাক্ষরিত এমওইউ বাস্তবায়নে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে ঢাকায় কনস্যুলার সেবা দেওয়া শুরু করেছে।
logo-1-1740906910.png)