কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিটের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যারা দীর্ঘমেয়াদি প্রোগ্রামে ভর্তির আগে প্রাক-প্রয়োজনীয় কোর্স (Prerequisite) সম্পন্ন করতে আসেন, তাদের এখন সংক্ষিপ্ত মেয়াদের পারমিট দেওয়া হবে।
সিআইসি নিউজ বলছে, আগের নিয়মে শিক্ষার্থীদের প্রাক-প্রয়োজনীয় কোর্সের মেয়াদ শেষে অতিরিক্ত এক বছরের স্টাডি পারমিট দেওয়া হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন কোর্স শেষ হওয়ার পর মাত্র ৯০ দিনের অতিরিক্ত সময়ের পারমিট দেওয়া হবে। এই নির্দেশনা ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি কানাডার অভিবাসন বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো শিক্ষার্থী চার মাসের ইংরেজি ভাষা কোর্সে ভর্তি হন, তবে তার স্টাডি পারমিট কোর্স শেষ হওয়ার পর আরো ৯০ দিন পর্যন্ত বৈধ থাকবে। এরপর তাকে কানাডার ভেতর থেকেই নতুন করে দীর্ঘমেয়াদি প্রোগ্রামের জন্য স্টাডি পারমিট আবেদন করতে হবে।
যদিও ছয় মাসের কম সময়ের পড়াশোনার জন্য সাধারণত স্টাডি পারমিট প্রয়োজন হয় না, তবুও অভিবাসন বিভাগ পরামর্শ দিয়েছে যে, যারা দীর্ঘমেয়াদি প্রোগ্রামে ভর্তির প্রস্তুতি হিসেবে প্রাক-প্রয়োজনীয় কোর্স করছেন, তাদের অবশ্যই স্টাডি পারমিট নিতে হবে। কারণ, প্রাথমিক পারমিট ছাড়া তারা কানাডার ভেতর থেকে নতুন পারমিটের আবেদন করতে পারবেন না।
নতুন নিয়মে শিক্ষার্থীরা "Maintained Status" সুবিধা পাবেন। অর্থাৎ, তারা যখন নতুন পারমিটের জন্য আবেদন করবেন, তখন পুরোনো পারমিটের শর্ত অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারবেন যতক্ষণ না নতুন পারমিটের সিদ্ধান্ত আসে।
কানাডার অভিবাসন বিভাগ জানিয়েছে, কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা কানাডার ভেতর থেকেই স্টাডি পারমিটের আবেদন করতে পারবেন। যেমন যদি তাদের কাছে বৈধ স্টাডি বা ওয়ার্ক পারমিট থাকে, তারা বিনিময় কর্মসূচির শিক্ষার্থী হন, তাদের পরিবারে কেউ বৈধ অস্থায়ী রেসিডেন্ট পারমিটধারী থাকেন, অথবা তারা শরণার্থী আবেদনকারী হন।
এই পরিবর্তন মূলত প্রাক-প্রয়োজনীয় কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। দীর্ঘমেয়াদি প্রোগ্রামে ভর্তির আগে সংক্ষিপ্ত মেয়াদের কোর্স শেষ করার পর তাদের নতুন করে আবেদন করতে হবে। অভিবাসন বিভাগ বলছে, এই নিয়ম শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়াকে আরো স্পষ্ট করবে এবং দীর্ঘমেয়াদি প্রোগ্রামে ভর্তির আগে তাদের অবস্থানকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে।
logo-1-1740906910.png)