Logo
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচন ও রমজান উপলক্ষে রেমিট্যান্সে জোয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯

নির্বাচন ও রমজান উপলক্ষে রেমিট্যান্সে জোয়ার

জাতীয় নির্বাচনের আগে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩১৭ কোটি ডলার। ১ ফেব্রুয়ারি ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।  

সাধারণত দেশে দুই ঈদের আগে প্রবাসী আয় বাড়ে। তবে এবার মূলত নির্বাচনের খরচ মেটাতে প্রবাসী আয় বেড়েছে বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে, বিভিন্ন প্রার্থী বিদেশে তহবিল সংগ্রহ করছেন এবং তা রেমিট্যান্সের নামে দেশে পাঠানো হচ্ছে। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, সেসব দেশ থেকেই বেশি অর্থ আসছে। নির্বাচনের আগপর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।  

গত বছরের ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ৩২২ কোটি ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত বছরের মার্চে, ৩২৯ কোটি ডলার। তখন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন।  

২০২৫ সালের নভেম্বরে প্রবাসী আয় ছিল ২৮৯ কোটি ডলার। জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৮ ও ২৪২ কোটি ডলার এসেছিল। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ২৬৯ কোটি ডলারে, তবে অক্টোবরে আবার কমে ২৫৬ কোটি ডলারে নামে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট প্রবাসী আয় ছিল ৩ হাজার ২৮২ কোটি ডলার। এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান।  

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসা হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকায় বৈধ পথে রেমিট্যান্স আসা বেড়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। 

Logo