Logo
×

Follow Us

বাংলাদেশ

আসন্ন নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার কোটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫

আসন্ন নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত বাজেট ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা, যা আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মোট বাজেটের মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। প্রয়োজন অনুযায়ী এই বরাদ্দ বাড়তে পারে। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট এবং প্রবাসীদের পোস্টাল ব্যালটের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে।

সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

নির্বাচনে দায়িত্বে থাকা বিএনসিসি ক্যাডেটদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ বিষয়ে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাত দফা নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব দেওয়ার আগে ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই বাধ্যতামূলক। প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১০ জন করে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম দুই জন করে বিএনসিসি ক্যাডেট মোতায়েন করা হবে। তবে তারা কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রচারণায় অংশ নিতে পারবে না।  

নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে। ভোটের আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল অনুদান, বরাদ্দ বা সংবর্ধনা গ্রহণ করতে পারবে না। একইভাবে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচনও নিষিদ্ধ করা হয়েছে।

Logo