Logo
×

Follow Us

বাংলাদেশ

বছরের প্রথম ২০ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০০:০১

বছরের প্রথম ২০ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ

চলতি বছরের শুরুতেই প্রবাসী আয় প্রবাহে আশাব্যঞ্জক চিত্র দেখা যাচ্ছে। জানুয়ারির প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২.২২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। শুধু ২০ জানুয়ারি একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৯ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৪৩ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।  

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৪৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। যা গত বছরের তুলনায় ২১.৫০ শতাংশ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং আমদানি ব্যয় মোকাবিলায় সহায়ক হচ্ছে। 

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। ধারাবাহিকভাবে মাসিক আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।  

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির জন্য জীবনরেখার মতো কাজ করছে। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা, আমদানি ব্যয় নির্বাহ এবং বাজেট ঘাটতি পূরণে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। কারণ প্রবাসী আয় সরাসরি পরিবারে পৌঁছে ভোগব্যয় বাড়াচ্ছে।

Logo