সৌদি আরবে চার খনি থেকে বিপুল স্বর্ণ উত্তোলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০০
সৌদি আরবের খনিজ খাতে নতুন মাইলফলক স্পর্শ করেছে দেশটির রাষ্ট্রীয় মাইনিং কোম্পানি ‘মাদেন’। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, চারটি গুরুত্বপূর্ণ খনি এলাকা থেকে তারা ৭.৮ মিলিয়ন আউন্স নতুন স্বর্ণ উত্তোলন করেছে।
গালফ নিউজের তথ্যমতে, প্রাথমিকভাবে উন্নত ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে ৯ মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত মানসম্মত হিসাব-নিকাশ ও সমন্বয়ের পর চূড়ান্তভাবে নতুন স্বর্ণসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৮ মিলিয়ন আউন্স।
এই নতুন সম্পদ সংযোজনের আওতায় রয়েছে মাদেনের চারটি প্রধান প্রকল্প; যথা- মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পেই সবচেয়ে বেশি স্বর্ণ যুক্ত হয়েছে, এক বছরে প্রায় তিন মিলিয়ন আউন্স। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প থেকে এসেছে মোট ১.৬৭ মিলিয়ন আউন্স। ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো ৩.০৮ মিলিয়ন আউন্স নতুন স্বর্ণসম্পদ চিহ্নিত হয়েছে।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই আবিষ্কার প্রমাণ করে সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল সফল হয়েছে। তিনি উল্লেখ করেন, চারটি এলাকায় ড্রিলিংয়ের মাধ্যমে সাত মিলিয়নেরও বেশি আউন্স যুক্ত হওয়া কোম্পানির স্বর্ণ পোর্টফোলিওর শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন।
উইল্ট আরো বলেন, নতুন স্বর্ণসম্পদ সংযোজন ভবিষ্যতে কোম্পানির নগদ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি মাদেনের অনুসন্ধান পাইপলাইনের ব্যাপকতা ও ধারাবাহিক সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছে।
logo-1-1740906910.png)