কুয়েতে মোবাইল ভেহিকল ব্যবসা নিয়ন্ত্রণে নতুন কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০৮
কুয়েতে মোবাইল ভেহিকল বা চলমান গাড়িভিত্তিক ব্যবসা এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফা আবদুল্লাহ আল-আজিল নতুন মন্ত্রিপরিষদ নির্দেশনায় একটি স্থায়ী কমিটি গঠন করেছেন, যা এসব যানবাহনের লাইসেন্স, কার্যক্রম ও আইনগত শর্তাবলি তদারকি করবে।
আরব টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ জানুয়ারি জারি করা নির্দেশনা অনুযায়ী, এ কমিটির চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগ, কুয়েত বিজনেস সেন্টার, পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন, কুয়েত মিউনিসিপ্যালিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি। কমিটির রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করবেন তাহানি আবদুল্লাহ আল-হুমাইদি।
কমিটির মূল কাজ হবে মোবাইল ভেহিকলের লাইসেন্স আবেদন যাচাই করা এবং তা আইন ও বিধি অনুযায়ী অনুমোদন দেওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এসব গাড়ির প্রযুক্তিগত মান যাচাই ও অনুমোদন করা হবে। নির্দিষ্ট এলাকায় এসব গাড়ি পরিচালনার অনুমতি দেওয়া হবে এবং প্রয়োজনে কোনো স্থানের অনুমোদন বাতিল করে বিকল্প স্থান নির্ধারণ করা হবে।
কমিটি লাইসেন্সধারী গাড়িগুলো তাদের অনুমোদিত কার্যক্রম মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে ২০১৯ সালের মন্ত্রিপরিষদ রেজুলেশন অনুযায়ী লাইসেন্স বাতিলের প্রস্তাবও দিতে পারবে। এর মাধ্যমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ক্ষুদ্র ব্যবসাকে সহায়তা করার মধ্যে ভারসাম্য আনা হবে।
কমিটি চেয়ারম্যানের আহ্বানে বৈঠক করবে। বৈঠক বৈধ হতে হলে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ উপস্থিত থাকতে হবে এবং চেয়ারম্যান বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হবে, আর সমান ভোট হলে চেয়ারম্যানের ভোট প্রাধান্য পাবে।
কমিটি প্রয়োজনে মন্ত্রণালয়ের ভেতর বা বাইরে থেকে তথ্য ও নথি চাইতে পারবে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যাবে, তবে তাঁদের ভোটাধিকার থাকবে না। কমিটি এক বছরের জন্য কার্যকর থাকবে, যা পরবর্তীতে মন্ত্রীর অনুমোদনে নবায়ন করা যাবে। প্রতি মাসে কমিটি তাদের কাজের ফলাফল ও সুপারিশ মন্ত্রীর কাছে জমা দেবে।
কুয়েতে মোবাইল ভেহিকল ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে। খাবার বিক্রি, ছোটখাটো পণ্য সরবরাহ কিংবা সেবা প্রদানের জন্য এসব গাড়ি ব্যবহার করা হয়। তবে নিয়ন্ত্রণ না থাকায় অনেক সময় আইন লঙ্ঘন, স্বাস্থ্যঝুঁকি এবং ব্যবসায়িক বিশৃঙ্খলা দেখা দেয়। নতুন কমিটি এসব সমস্যা সমাধান করবে এবং একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করবে।
logo-1-1740906910.png)