শূন্য অভিবাসন খরচে মালয়েশিয়া
কর্মীদের আইন মেনে চলার পরামর্শ বাংলাদেশ হাইকমিশনারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৩৬
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া সময় রাত ১টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা, মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার। একই সাথে কর্মীদের দেশটির আইন, সংস্কৃতি ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কর্মসূচির আওতায় কর্মী নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসা সুবিধা দেবে নিয়োগকর্তা। শুধু তাই নয়, অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের নিজস্ব অর্থ খরচ করে মালয়েশিয়ায় আসতে হয়নি।
প্রথম ধাপের ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরো ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার বিপরীতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
logo-1-1740906910.png)