কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৭
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন। পোস্টাল ভোট দিতে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ভোটদানে সম্মতি গ্রহণ এবং নতুন ভোটারদের নিবন্ধনের জন্য ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ( ইসি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 'কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের মধ্যে যারা ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন তাদের ভোটদানে সম্মতির নোটিফিকেশন প্রদান করা হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি প্রাপ্তির পর প্রবাসের ঠিকানায় ব্যালট প্রেরণ করা হবে।'
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, 'কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের মধ্যে যারা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'Postal Vote BD' অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি তারা নতুনভাবে অ্যাপে ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।'
এর আগে বুধবার (২৫ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাই করবেন ৭ ডিসেম্বর।
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
ইসি সচিব জানান, এই উপনির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং থাকবে।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন ওসমান ফারুক। তার পদত্যাগে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৬২৪ জন।
logo-1-1740906910.png)