Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:১৩

বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়া গেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। ফ্লাইট উদ্বোধন করে তাদের বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথমবারের মতো এ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। সরকারি উদ্যোগে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটির শ্রমবাজার আবারো উন্মুক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, আগামীতে বিদেশি ভাষা শেখানোর মাধ্যমে কর্মীদের আরো দক্ষ করে তোলা হবে। ভাষা জানা থাকলে কাজে আরো সুবিধা হবে।

তিনি বলেন, আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি।


মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সবাই চিনবে বাংলাদেশি হিসেবে। ওই দেশের সংস্কৃতি-ঐতিহ্য-আইনকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের দিয়েই বাংলাদেশকে বিচার করবে। আপনারা সুনামের সাথে কাজ করলে আরো বাংলাদেশি ভাইয়ের কাজের পথ সুগম হবে।

পরে মালয়েশিয়াগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।

এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলে গেল মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার। বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস কর্মীদের চোখেমুখে। তাদের প্রত্যাশা, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবেন। পাশাপাশি অবদান রাখবেন দেশের অর্থনীতিতেও। প্রথম ধাপে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

Logo