Logo
×

Follow Us

বাংলাদেশ

বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে কোনো টাকা লাগবে না, সতর্ক থাকার আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে কোনো টাকা লাগবে না, সতর্ক থাকার আহ্বান

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১১২ জন কর্মী গেছেন মালয়েশিয়া। সরকারিভাবে দেশটিতে যাওয়ার জন্য আরো অনেকেই আশায় আছেন। তবে এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বোয়েসেল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় দিতে হবে না। সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্ট’ পদ্ধতিতে কর্মী নিয়োগের এ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বোয়েসেল।

বোয়েসেলের নামে কেউ টাকা দাবি করলে তাকে প্রতারক হিসেবে বিবেচনা করতে হবে। কারণ, বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। চাকরি নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেয়া কিংবা অন্য কোনো অজুহাতে কাউকে টাকা না দেয়ার জন্য কর্মপ্রত্যাশীদের সতর্ক করা হয়েছে।

বোয়েসেলের বার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মীর খরচ শূন্য। তাই এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর সাথে অর্থ লেনদেনের প্রয়োজন নেই।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কর্মীদের সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। কেউ যেন বোয়েসেলের নাম ব্যবহার করে অর্থ দাবি করে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগসংক্রান্ত তথ্য ও নির্দেশনা জানতে বোয়েসেলের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট www.boesl.gov.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

নিরাপদ, স্বচ্ছ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে বোয়েসেল। বিদেশে চাকরির সুযোগ নিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া এড়াতে কর্মীদের সরকারি নির্দেশনা অনুসরণ এবং কোনো ব্যক্তিকে অগ্রিম টাকা না দেয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

Logo