মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৭
মালদ্বীপের রাজধানী মালে থেকে ২৬০ কিলোমিটার দূরে প্রত্যন্ত দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে তাদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ২০ থেকে ২২ নভেম্বর দেশটির মান্ধু, ফনাদু ও গান দ্বীপে বিশেষ কনস্যুলার সফরের মাধ্যমে অর্ধশতাধিক ই-পাসপোর্ট ও ৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণসহ অন্যান্য কনস্যুলার সেবা দেয়া হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশ নেয়। সফরের অংশ হিসেবে মান্ধু দ্বীপের ফিশারিজ কমপ্লেক্সে বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ৫০টির বেশি ই-পাসপোর্ট এবং ৮টি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ডের আবেদন গ্রহণ করা হয়।
দূরবর্তী দ্বীপে বসবাসরত প্রবাসীরা নিজ কর্মস্থল ও আবাসস্থলের কাছাকাছি থেকে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, হাইকমিশনের এ উদ্যোগে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানী মালে যাওয়ার সময়, অর্থ ও ভোগান্তি অনেকাংশে কমেছে। একই সাথে মালদ্বীপের অন্যান্য প্রত্যন্ত দ্বীপেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
সফরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম হরাইজন ফিশারিজ প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেন। এছাড়া ফনাদু কাউন্সিল ও গান আইল্যান্ড কাউন্সিলের প্রেসিডেন্টদের সাথে পৃথক বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠকগুলোতে সংশ্লিষ্ট দ্বীপগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মপরিবেশ, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ সময় হাইকমিশনার স্থানীয় দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও সরাসরি মতবিনিময় করেন। তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিশেষ কনস্যুলার সফর আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় দ্বীপ কাউন্সিল, হরাইজন ফিশারিজ প্রাইভেট লিমিটেড এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
প্রবাসীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার এ উদ্যোগ মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)