বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। একই সাথে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগ, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ওয়েলডন এপ (Weldon Epp)। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে কানাডার প্রতিনিধিকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশ উন্নয়ন অংশীদার হিসেবে বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করছে।
জবাবে ওয়েলডন এপ জানান, কানাডা তাদের অভিবাসন নীতিতে ভারসাম্য আনার উদ্যোগ নিলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুত করার বিষয়ে কানাডার ইতিবাচক মনোভাব রয়েছে।
বৈঠকে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ কর্মী নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশে প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়োজনীয় কর্মী তৈরি করতে পারে।
এ প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ওয়েলডন এপ জানান, কানাডার অর্থনীতিতে নার্স, কেয়ারগিভারসহ বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহলযান এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে কানাডার উন্নত প্রযুক্তি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। কানাডার প্রতিনিধি জানান, অভিবাসনসংক্রান্ত নীতিতে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে কানাডা। পাশাপাশি এ সংকট মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর আরো সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে কাজ করছে দেশটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো প্রয়োজন। রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব, নিরাপদ বসবাসের পরিবেশ ও জীবিকার নিশ্চয়তা নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে, সে জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানব পাচারকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দেশের এ আলোচনাকে অভিবাসন, দক্ষ জনশক্তি রপ্তানি, নিরাপত্তা সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)