Logo
×

Follow Us

বাংলাদেশ

তিন বছরে মালয়েশিয়া থেকে ফিরেছেন ২৭ হাজারের বেশি বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫

তিন বছরে মালয়েশিয়া থেকে ফিরেছেন ২৭ হাজারের বেশি বাংলাদেশি

মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় তিন বছরে ২৭ হাজার ৫০৪ বাংলাদেশিকে দেশটিতে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানোর নোটিশ দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পর্যটন কিংবা কাজের উদ্দেশ্যে দেশটিতে যেতে আগ্রহীদের জন্য এ পরিসংখ্যান নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানের দেয়া তথ্য অনুযায়ী, একই সময়ে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ইন্দোনেশিয়ার ৩৪ হাজার ৬৫০ জন নাগরিক। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত; দেশটির ২২ হাজার ৩৫০ নাগরিককে প্রবেশে বাধা দেয়া হয়েছে। মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান অভিবাসন বিভাগের প্রধান।

দেশটির কর্তৃপক্ষ যেসব বিদেশি যাত্রীকে সীমান্ত বা বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেয় না, তাদের ক্ষেত্রে ‘নট-টু-ল্যান্ড’ বা এনটিএল নোটিশ জারি করা হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখানকার গন্তব্যে বা নিজ দেশে ফিরে যেতে হয়।

প্রতিদিন গড়ে ১৪০ বিদেশির প্রবেশ প্রত্যাখ্যান

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসেই ৪১ হাজার ৬৫৬ বিদেশি নাগরিককে এনটিএল নোটিশ দেয়া হয়েছে। অর্থাৎ এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১৪০ জন বিদেশি দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। ২০২৫ সালে এ ধরনের নোটিশ দেয়া হয়েছিল ৪৯ হাজার ৫২২ জনকে এবং ২০২৪ সালে ৩৪ হাজার ৫২৮ জনকে।

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশি যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়া, ভ্রমণের উদ্দেশ্য নিয়ে অস্পষ্টতা এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়। ভ্রমণের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে না পারা, বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় ভিসা না থাকা এবং অভিবাসন বিভাগের কালো তালিকায় নাম থাকাও প্রবেশ প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

এছাড়া আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা কিংবা অপরাধে জড়িত থাকার কারণে কোনো বিদেশি নাগরিকের ওপর সাময়িক বা অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ভ্রমণকারীদের জন্য যেসব প্রস্তুতি জরুরি

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি যাত্রীদের দেশটিতে যাওয়ার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে অন্তত ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্ট, নিশ্চিত ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, অবস্থানকালীন ব্যয় নির্বাহের পর্যাপ্ত অর্থ এবং থাকার জায়গার প্রমাণ। যাদের জন্য বাধ্যতামূলক, তাদের মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড বা এমডিএসি অনলাইনে জমা দিতে হবে। সাধারণত দেশটিতে পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে এ কার্ড পূরণ করতে হয়।

বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ সময় বন্ধ থাকলেও দেশটিতে যাওয়ার আগ্রহকে কাজে লাগিয়ে একশ্রেণির দালাল ও অসাধু এজেন্সি প্রতারণার আশ্রয় নিচ্ছে। পর্যটন ভিসায় মালয়েশিয়ায় পাঠিয়ে পরে চাকরির ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে বিপুল অর্থ নেয়ার অভিযোগ রয়েছে।

কিন্তু পর্যটন ভিসা দিয়ে মালয়েশিয়ায় চাকরি করার অনুমতি পাওয়া যায় না। ফলে এ ধরনের প্রলোভনে পড়ে অর্থ ব্যয় করেও অনেকে বিমানবন্দর থেকে ফেরত আসছেন। আবার কোনোভাবে দেশটিতে প্রবেশ করতে পারলেও চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিদেশে যাওয়ার আগে ভিসার ধরন, ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য এবং নিয়োগকর্তার বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যেতে চাইলে বৈধ কর্মসংস্থান ভিসা ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত না করে যাত্রা করা ঝুঁকিপূর্ণ।

মালয়েশিয়ায় প্রবেশে বাধা পাওয়া বাংলাদেশিদের এই পরিসংখ্যান শুধু অভিবাসনসংক্রান্ত জটিলতার চিত্র নয়, বিদেশে যাওয়ার নামে প্রতারণার ঝুঁকিও সামনে এনেছে। তাই দালাল বা অননুমোদিত প্রতিষ্ঠানের আশ্বাসে অর্থ ব্যয় না করে সরকারি নিয়ম মেনে বৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Logo